যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এরপর র্যাবের একটি যশোর মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানা নামে ওই যুবকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন যে, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলো।
র্যাব অধিনায়ক আরো জানান,জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাকে র্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



