৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – DesheBideshe

৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – DesheBideshe

৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – DesheBideshe

নাফ নদী, ১৮ ফেব্রুয়ারি – মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আবারও পাঁচ বাংলাদেশি জেলে আটক হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে ফেরত আনার মাত্র একদিন পরেই নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়। ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে রয়েছেন মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম, মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস, আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস। ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান যে সেন্ট মার্টিনের কাছাকাছি মাছ ধরার পর তারা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন।

সে সময় হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফট্যানেন্ট কমান্ডার আকিব জানিয়েছেন যে তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে অন্তত চার শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts