
মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারের জন্য সময়টি বেশ কঠিন যাচ্ছে। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের ক্রমাগত হুমকি ও কড়া নিরাপত্তা বলয়, অন্যদিকে এবার পারিবারিক অসুস্থতার খবর সামনে এল। বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই অবস্থিত এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই লেখক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সের ভারেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অসুস্থতার ধরন নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বের হচ্ছেন সালমান খান।
কালো টি-শার্ট ও প্যান্ট পরিহিত অভিনেতাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য না করেই দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। বাবার অসুস্থতা এবং বিগত কয়েক মাস ধরে চলা নিরাপত্তা ঝুঁকি মিলিয়ে খান পরিবার বর্তমানে বেশ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




