
ওয়াশিংটন ডি সি, ১৭ ফেব্রুয়ারি – সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ড্রাফটস’ ফিচার চালু করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইলন মাস্কের এক্স ও মেটার থ্রেডসে আগে থেকেই পোস্ট ড্রাফট হিসেবে সংরক্ষণ করার সুবিধা ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সাধারণত এই ধরনের ফিচারকে অত্যন্ত প্রাথমিক ও জরুরি হিসেবে বিবেচনা করা হয়। এখন থেকে অন্যান্য প্ল্যাটফর্মের মতোই ব্লুস্কাইয়ে ড্রাফট সুবিধা ব্যবহার করা সম্ভব হবে। এই সুবিধা পেতে ব্যবহারকারীদের নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ওপরের ডান কোণায় থাকা ‘ড্রাফটস’ বাটনটি নির্বাচন করতে হবে। চলতি বছরের কর্মপরিকল্পনা প্রকাশের পরপরই প্রতিষ্ঠানটি এই নতুন ফিচারটি নিয়ে এসেছে। ব্লুস্কাই কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মূল লক্ষ্য হলো অ্যাপের অ্যালগরিদমভিত্তিক ‘ডিসকভার’ ফিড আরও উন্নত করা এবং ব্যবহারকারীদের সঠিক পরামর্শ দেওয়া।
এছাড়া অ্যাপটিকে আরও গতিশীল বা রিয়াল-টাইম করে তোলার লক্ষে তারা কাজ করছে। তবে সংস্থাটি স্বীকার করেছে যে তাদের এখনও বেশ কিছু প্রাথমিক বিষয় গুছিয়ে নেওয়া প্রয়োজন। ব্লুস্কাই নির্দিষ্ট এক শ্রেণির ব্যবহারকারী তৈরি করতে সক্ষম হলেও মূল ফিচারের দিক থেকে এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ অ্যাপটিতে এখনও প্রাইভেট অ্যাকাউন্ট ও দীর্ঘ সময়ের ভিডিও আপলোডের সুবিধা যুক্ত হয়নি। ডেভেলপারদের জন্য উন্মুক্ত ব্লুস্কাই এপিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালের শুরুতে সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা বর্তমানে ৪ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



