হাসান ফয়জী, ১৭ ফেব্রুয়ারি.
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর আংশিক) আসন থেকে বিপুল ভোটে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীসভায় যোগদানের আহ্বান পেয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে শপথ গ্রহণের জন্য তাকে ফোন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক কর্মকর্তা মো. রেজাউল করিম।
জানা গেছে, খুব শিগগিরই বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবেন। নতুন এই দায়িত্বকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আফরোজা খানম রিতা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বিষয়টি এলাকায় বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এটিকে মানিকগঞ্জবাসীর জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
সাটুরিয়া ও মানিকগঞ্জ অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের। সাধারণ মানুষ আশা করছেন, জনপ্রতিনিধি হিসেবে যেমন তিনি আস্থা অর্জন করেছেন, তেমনি মন্ত্রী হিসেবেও সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেবেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এবার সেই আসন থেকে নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।

