
চীন, ১৩ ফেব্রুয়ারি – চীন ও জাপানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই জাপানি কর্তৃপক্ষ একটি চীনা মাছধরা নৌযান জব্দ করেছে। জাপানের মৎস্য বিষয়ক সংস্থা জানিয়েছে যে পরিদর্শনের জন্য থামার নির্দেশ দেওয়া হলেও নৌযানটি তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এই ঘটনায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের জলসীমায়। সংস্থাটি জানায় বৃহস্পতিবার তাদের এক পরিদর্শক নৌযানটিকে থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করায় জাপানি কর্তৃপক্ষ নৌযানটি জব্দ করে এবং এর ৪৭ বছর বয়সী চীনা ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় নৌযানটিতে ক্যাপ্টেনসহ মোট ১১ জন আরোহী ছিলেন। ২০২২ সালের পর এই প্রথম কোনো চীনা মাছধরা নৌযান জাপানি কর্তৃপক্ষের হাতে আটক হলো। এই ঘটনার পর বেইজিং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য যে তাইওয়ান ইস্যু এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ চলছে। এর আগে জাপানের পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছিল যা চীনকে ক্ষুব্ধ করে তোলে।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



