যশোর সদর উপজেলার ৪নং নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতিতে এক ভোটারের ভোট অন্য ব্যক্তি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নাম ও পিতার নাম এক হওয়ায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
জানা যায়, বাহাদুরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন প্রান্ত নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জানান যে তার ভোট ইতোমধ্যেই প্রদান করা হয়েছে। এতে তিনি বিস্মিত হয়ে কেন্দ্রেই উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
পরে সাংবাদিকরা বিষয়টি যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে দায়িত্বরত পোলিং অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিয়ার রহমান জানান, এটি অনিচ্ছাকৃত ভুল। তার দাবি, একই নাম ও পিতার নাম এবং চেহারায় মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়। ফলে ভুলবশত অন্য ব্যক্তি সংশ্লিষ্ট ভোট প্রদান করেন। তিনি আরও বলেন, আপত্তিকৃত ভোটের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই কেন্দ্রে এর আগেও অনুরূপ একটি ভুলের ঘটনা ঘটেছে বলেও তিনি স্বীকার করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভোটারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সচেতন মহল সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্কতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



