মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ ফেব্রুয়ারি.
মানিকগঞ্জে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে তিনটি সংসদীয় আসনে মোট ৫১৫টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভোট চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম জানিয়েছেন, তিনটি আসনের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, “মানিকগঞ্জের তিনটি আসনে ৫১৫টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারসহ মোট ৯ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।”
এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, তিনটি আসনে বিএনপি–জামায়াত জোট, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, “মোট ৫১৫টি কেন্দ্রের মধ্যে ১৬১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৭টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এবারের নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন। পুরুষ ও নারী ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের অংশগ্রহণ নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ।
রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
তিনি আরো বলেন, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর নজরদারির আওতায় থাকবে। কেন্দ্রগুলোতে সিসিটিভি পর্যবেক্ষণ, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সবমিলিয়ে নিরাপত্তা, প্রস্তুতি ও ভোটার অংশগ্রহণ এই তিনকে কেন্দ্র করেই মানিকগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এখন সবার নজর সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া এবং গ্রহণযোগ্য ফলাফল ঘোষণার দিকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২


