
সৌদি আরব, ১০ ফেব্রুয়ারি – অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-নাসরের ম্যাচ বয়কটের কঠোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই পর্তুগিজ মহাতারকা। আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি আবারও দলের জার্সি গায়ে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ-এর সঙ্গে মতবিরোধের জেরে রোনালদো বেশ কিছু দিন দলের বাইরে ছিলেন। এরই মধ্যে তিনি আল-ইত্তিহাদ ও আল-রিয়াদের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেননি। যদিও রোনালদোর অনুপস্থিতিতে আল-নাসর টানা দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে, তবুও দলের প্রধান তারকার অনুপস্থিতি ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। ইএসপিএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মূলত ট্রান্সফার উইন্ডোতে আল-নাসরের শক্তি বৃদ্ধি নিয়ে অসন্তুষ্টি থেকেই রোনালদো এই বয়কটের ডাক দিয়েছিলেন।
বিশেষ করে পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল যখন আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়, তখন রোনালদোর ক্ষোভ আরও বাড়ে। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের এই দলবদলকে তিনি নিজের ক্লাবের প্রতি অবহেলা হিসেবেই দেখেছিলেন। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সূত্র জানিয়েছে যে পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ায় তিনি মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাবের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো এখন থেকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। লিগ টেবিলে আল-নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



