আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের কঠোর পাহারায় থাকার নির্দেশ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা শান্ত হবো না। ১২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমাদের অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থাকতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ানকে রাজপথের লড়াকু সৈনিক উল্লেখ করে আমির খসরু বলেন, সুফিয়ান আমার আন্দোলন-সংগ্রামের দীর্ঘদিনের সাথী। আমরা গত ১৩-১৪ বছর বারবার কারাবরণ করেছি, কিন্তু আদর্শের প্রশ্নে কখনো আপস করিনি। দেশনেত্রী খালেদা জিয়া বা তারেক রহমান যেমন হার মানেননি, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও তেমনি অনড় রয়েছেন। এই নির্বাচনেও কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করা হবে না।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। বিএনপি কোনো কারচুপি নয় বরং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে জয়ী হতে চায়।
জনসভায় চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নিরাপদ বাংলাদেশ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা ধানের শীষকেই বেছে নেবে। আমরা এর মধ্যে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। এই বিজয় হবে জনগণের বিজয়। তিনি প্রচার-প্রচারণায় যুক্ত সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, অন্যান্য দলের বিদেশে ঠিকানা থাকতে পারে কিন্তু বিএনপির একমাত্র ঠিকানা এ দেশের মাটি ও মানুষ। আমরা অতীতেও ক্ষমতায় ছিলাম, আমাদের বিরুদ্ধে লুণ্ঠনের অভিযোগ কেউ করতে পারবে না। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি, নিজের ভাগ্য গড়তে নয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এমএ সবুরসহ স্থানীয় শীর্ষ নেতারা।


