
গাজীপুর, ১০ ফেব্রুয়ারি – একসঙ্গে চার দিনের ছুটি পেয়ে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা নাড়ির টানে বাড়ি ফিরছেন। নির্বাচনের কারণে প্রায় সব কারখানাতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ একসঙ্গে পথে নামায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে।
গত রাতে চন্দ্রা থেকে সফিপুর ও বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো প্রচুর মানুষ ভোট দিতে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। শ্রমিকেরা জানিয়েছেন মূলত ভোটের ছুটিতে অংশ নিতেই তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত যানবাহন পাননি। সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো সাধারণ মানুষ।
ঘরে ফেরা অধিকাংশ শ্রমিকই নিজ নিজ এলাকার ভোটার বলে নিশ্চিত করেছেন। মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে গাজীপুরের চন্দ্রা এলাকা দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে যাতায়াত করেন শিল্প কারখানার শ্রমিকেরা। একারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬




