
টোকিও, ৮ ফেব্রুয়ারি – জাপানের সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নির্বাচনে ক্ষমতাসীন জোটের ভূমিধস জয় হয়েছে।
এনএইচকের ভোট-পরবর্তী জরিপ ও ভোট গণনা কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা পূর্বাভাস অনুযায়ী, ৪৬৫ আসনের সংসদের নিম্নকক্ষে ক্ষমতাসীন জোট অন্তত ৩১০টি আসনে জয় পেয়েছে। এতে করে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে।
নির্বাচনে বিজয়ের পূর্বাভাস প্রকাশের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাঁর সরকার ধারাবাহিকভাবে দায়িত্বশীল ও সক্রিয় রাজস্বনীতির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তিনি জানান, রাজস্বনীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা হবে। সরকারি ও বেসরকারি—উভয় খাতেই বিনিয়োগ বাড়িয়ে একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শুনিচি সুজুকি বলেন, প্রধানমন্ত্রী তাকাইচির দায়িত্বশীল রাজস্বনীতি এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের নীতির পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন মিলেছে।
এর আগে নির্বাচনের আগে থেকেই সংসদের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছিল এলডিপি। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের আগেই জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সাংবাদিকদের জানান, তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার নীতি দ্রুত বাস্তবায়নে আগ্রহী। তবে একই সঙ্গে চীনের সঙ্গে সংলাপ বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি।
৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। গত বছরের অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়ে ইতোমধ্যে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬




