
সিলেট, ৫ ফেব্রুয়ারি – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং দুই বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও মো. ওমর ফারুক এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আব্দুল বাসিত। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান খেলার শুরু থেকেই মাঠে বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল এবং একপর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড় ও বাংলা বিভাগের দর্শকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া সাংবাদিকদের জানান সংঘর্ষ চলাকালে কয়েকজন শিক্ষকের গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। তিনি বলেন এই ঘটনার যত দ্রুত সম্ভব শাস্তি নিশ্চিত করা হবে এবং শিক্ষকদের গায়ে ছাত্ররা হাত তুললে এমন খেলার কোনো প্রয়োজন নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন বিষয়টি ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে দুটি হাসপাতালে চারজন ভর্তি আছেন বলে তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের আচরণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলেও প্রক্টর উদ্বেগ প্রকাশ করেন।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬



