তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফেরত দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফেরত দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফেরত দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি – কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই ভেনেজুয়েলা সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার ওই কর্মকর্তা জানান, তেল বিক্রির শেষ কিস্তির ২০ কোটি ডলার ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তেল বিক্রি নিয়ে এই চুক্তিটি হয়েছিল।

মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, ভেনেজুয়েলার প্রথম ধাপের তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই আনুষ্ঠানিকভাবে দেশটি বুঝে পেয়েছে। মার্কিন সরকারের অভিপ্রায় অনুযায়ী এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে।

সম্প্রতি ক্যাপিটল হিলে দেওয়া এক সাক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলাকে স্থিতিশীল রাখতে এবং দেশটির সরকার ও জনগণকে সহায়তা করতেই যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে দেশটির তেল বিক্রির প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলা যেন তাদের তেল সম্পদ ব্যবহার করে আয় করতে পারে এবং সেই অর্থ দিয়ে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বেতন দিতে পারে, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। এতে দেশটির প্রশাসনিক কাঠামো ধসে পড়া রোধ করা সম্ভব হবে।

জানা গেছে, তেল বিক্রির এই অর্থ সাময়িকভাবে কাতারে গচ্ছিত রাখা হয়েছিল। ভেনেজুয়েলার দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে এই স্বল্পমেয়াদী ও অস্থায়ী হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ তেল বিক্রির অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে একটি তহবিল গঠন করা হবে, যেখান থেকে নির্ধারিত নিয়ম মেনে ভেনেজুয়েলা সরকার বা সংশ্লিষ্ট সংস্থা অর্থ ব্যয়ের সুযোগ পাবে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts