ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিময় সমাজ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামের বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক দীনবন্ধু মিত্র।
বুধবার কৈখালী মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যে হিন্দু-মুসলিম সম্প্রীতির সমাজ গড়ে তুলেছিলেন, অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে তা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।
দিনব্যাপী কচুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ধানের শীষের প্রার্থী। এ সময় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
হোগলাডাঙ্গার এক পথসভায় শিক্ষক আশিকুর রহমান শাহ বাখের উল্লাহ দাখিল মাদ্রাসার উন্নয়নের দাবি জানান। জবাবে অনিন্দ্য ইসলাম অমিত মাদ্রাসার উন্নয়ন ও ভবিষ্যতে আলিম শ্রেণীতে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ভৈরব নদে একটি সেতু নির্মাণের ঘোষণাও দেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং ধানের শীষ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক।
গণসংযোগকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


