
ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে তার দল ক্ষমতায় গেলে মাত্র দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দলের ভিশন তুলে ধরে মহাসচিব জানান বিএনপি নির্বাচিত হলে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলার পাশাপাশি যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি জোর দিয়ে বলেন বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে এবং তাত্ত্বিক সমালোচনায় সময় নষ্ট করে না। ধর্মীয় অনুভূতির অপব্যবহারের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং বিশেষ মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি স্পষ্ট করেন যে জান্নাত পাওয়া মানুষের আমল ও ভালো কাজের ওপর নির্ভর করে। বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন তার নিজের নামেই ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং তিনি দীর্ঘ সময় কারাভোগ করেছেন। এছাড়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার ১০ বছর জেল খাটা ও হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ফখরুল জানান প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কৃষকদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার বীজ ও তেল নিশ্চিত করা হবে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব সরকার নেবে বলেও আশ্বাস দেন তিনি। সভার এক পর্যায়ে এক কিশোর আবেগপ্লুত হয়ে জমানো টাকার একটি মাটির ব্যাংক বিএনপি মহাসচিবের হাতে উপহার হিসেবে তুলে দেয়।
এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬




