স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে রঙিন স্টিকার তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গভীর রাতের আঁধারে এসব স্টিকার তৈরি করে রিকশা ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দেওয়া হয়।
অনিন্দ্য ইসলাম অমিত ও তার দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—এই স্টিকার তাদের কেউ তৈরি করেননি বা সাঁটাননি। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে প্রার্থী ও তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ ধরনের কোন স্টিকার আমরা তৈরি করিনি, কারণ আচরনবিধি সম্পর্কে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল। সেহেতু যে বা, যারা এটি করেছেন তারা আমাদের বন্ধু নন। এদের থেকে সতর্ক থাকুন।”
এ ঘটনার প্রতিবাদে অনিন্দ্য ইসলাম অমিত, তার দলের নেতাকর্মী ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।



