বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর সফরকে ঘিরে শহরজুড়ে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। তাঁর আগমন উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় যশোর টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিল চলাকালে নেতাকর্মীরা স্লোগান দেন “যশোরবাসী ডাকছে, তারেক রহমান আসছে”, “অমিত ভাই ডাকছে, তারেক রহমান আসছে” এবং “তারেক রহমানের আগমন শুভ হোক স্বাগতম”। এসব স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে চিত্রামোড়, চৌরাস্তা হয়ে আদ-দ্বীন হাসপাতালের সামনে দিয়ে লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। এসময় জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

