পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, ৩৭ সন্ত্রাসী ও ১০ নিরাপত্তা কর্মী নিহত – DesheBideshe

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, ৩৭ সন্ত্রাসী ও ১০ নিরাপত্তা কর্মী নিহত – DesheBideshe

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, ৩৭ সন্ত্রাসী ও ১০ নিরাপত্তা কর্মী নিহত – DesheBideshe

ইসলামাবাদ, ৩১ জানুয়ারি – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৩৭ জন সন্ত্রাসীও নিহত হয়েছে।

শনিবার পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বেলুচিস্তানজুড়ে ১২টি ভিন্ন স্থানে একযোগে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র দাবি করেছে, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে তাদের সব হামলাই শেষ পর্যন্ত ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে ওই সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য প্রাণ হারিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। চলমান এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

অপর একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছিল।

শনিবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কর্মকর্তা শাহিদ রিন্দ জানান, বেলুচিস্তানের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার চেষ্টা পুলিশ ও ফ্রন্টিয়ার কোর বা এফসি ব্যর্থ করে দিয়েছে।

প্রদেশের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী রিন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গত দুই দিনে প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই প্রতিশোধমূলক এসব হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হামলার পর কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকলেও কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না এবং জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



Explore More Districts