স্টাফ রিপোর্টার: যশোরে এনসিপি নেতা এম. জিহাদের নেতৃত্বে যশোর উপশহর ও খাজুরা এলাকায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খাজুরা তেলপাম্প এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে প্রায় ৫০টি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানে করে শোভাযাত্রাটি খাজুরা বাজার হয়ে জহুরপুর ইউনিয়ন প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাকালে “এনসিপি জিন্দাবাদ”, “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রায় একশ’ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য দেন এম. জিহাদ।
বক্তব্যে তিনি বলেন, বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক আবর্জনা, চাঁদাবাজি ও অন্যায়কারীদের চিরতরে নির্মূল করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাজনৈতিক গোলামি থেকে মুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোর-৪ আসনে জোটের এমপি প্রার্থীকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ (অমিত), সদস্য সচিব আল হাসিব, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব খালিদ হোসেন, বাঘারপাড়া উপজেলা এনসিপির সংগঠক মাহফুজুল ইসলাম, রাশেদ হোসেন, হাসিবুর রহমান, কামরুল ইসলাম নান্টু, সাঈদুর রহমান, যুবশক্তির সংগঠক বাপ্পি হোসেন, রায়হান, নাঈম হোসেনসহ প্রায় একশ’ নেতাকর্মী।


