কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার – DesheBideshe

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার – DesheBideshe

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার – DesheBideshe

সিলেট, ৩১ জানুয়ারি – সিলেটের কানাইঘাট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর। র‌্যাব জানিয়েছে, এসব সরঞ্জাম উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

শুক্রবার রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে র‌্যাব জানতে পারে যে ওই স্কুলের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য মজুদ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো সাধারণত বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত শৌচাগার থেকেও ছয়টি পাওয়ার জেল ও পাঁচটি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছিল যা ভারতীয় বলে জানিয়েছিল র‌্যাব।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



Explore More Districts