আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত বুধবার বেলা ১১টার দিকে সুমাইয়া আক্তার তাঁর ছেলে শিশুকে চিকিৎসক দেখানোর জন্য রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছেলেকে চিকিৎসক দেখানোর পর বেলা একটার দিকে মালিবাগের মৌচাক মার্কেটে যাওয়ার জন্য হাসপাতালের সামনে থেকে একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন তিনি। ছেলে পানি পান করতে চাইলে সুমাইয়া কাছের একটি দোকান থেকে পানি কিনছিলেন। ছেলে রিকশার মধ্যে খেলছিল। তিনি ছেলেকে নামাতে চেয়েছিলেন। কিন্তু সে নামেনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, তখন রিকশাচালক বলেন, ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা (পানির দাম) দিয়ে আসেন।’ পানির দাম দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখেন, বাচ্চা নিয়ে রিকশাচালক চলে গেছেন। তখন তিনি রিকশার পেছনে পেছনে ছোটেন। কিন্তু রিকশার নাগাল পাননি। এ সময় তিনি ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েন।


