| ২৭ January ২০২৬ Tuesday ২:১৪:৪৩ PM | |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট প্রার্থীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার সঙ্গে শহরের হোটেল উৎসবে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদল। পরে সকাল ১১টায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর জোট প্রার্থী ডা. সুলতান আহমদের সঙ্গে হোটেল বে অব বেঙ্গলে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় নির্বাচনকালীন পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠক শেষে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও জামায়াতের জোট প্রার্থী ডা. সুলতান আহমদ বলেন, ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এ সময় ইইউ পর্যবেক্ষকরা জানান, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাইতে ও ফেলো পিটার বাহচেভানোভ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

