যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতর থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার: মেয়ের কাছে শেষ বার্তা – DesheBideshe

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতর থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার: মেয়ের কাছে শেষ বার্তা – DesheBideshe

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতর থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার: মেয়ের কাছে শেষ বার্তা – DesheBideshe

ঢাকা, ২৮ জানুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ী থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ির শৌচাগার থেকে শফিকুল ইসলাম (৪২) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে এবং তিনি ওই এলাকার মান্নান মল্লিকের পুত্র। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গভীর মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্যুর পূর্বে শেষ রাতে, অর্থাৎ রাত ৩টা ২৫ মিনিটের দিকে তিনি নিজের বড় মেয়েকে মোবাইলে একটি বার্তা পাঠান। ওই বার্তায় শফিকুল লিখেন, “আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।” বার্তাটি পাওয়ার পর মেয়ে তাকে একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি।

শফিকুল ইসলামের শ্যালক আব্দুল হান্নান জানান, শফিকুল দীর্ঘদিন ধরেই নানাবিধ পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁড়ির ওয়াশরুমে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএস/ ২৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts