
ঢাকা, ২৮ জানুয়ারি – আসন্ন গণভোট উপলক্ষ্যে সারাদেশে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসার জন্য একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেছে সরকার। মূলত এই নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ ভোটারদের মাঝে গণভোট সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (২৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উক্ত স্মারকে মাদ্রাসাসমূহে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূর্বের নির্দেশনার ধারাবাহিকতায় নতুন করে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, গণভোট বিষয়ে প্রচারণার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘তথ্য কণিকা ৯’ এ উল্লেখিত তথ্যাদি ব্যবহার করে স্ট্যান্ডিং ব্যানার তৈরি করতে হবে। এই ব্যানারগুলো মাদ্রাসা প্রধানদের নিজ নিজ দপ্তরের দৃশ্যমান স্থানে স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত ড্রপডাউন ব্যানারও শিক্ষা প্রতিষ্ঠানের এমন স্থানে ঝুলাতে হবে যেন তা সহজেই সকলের নজরে পড়ে।
এছাড়া গণভোটের মূল উদ্দেশ্য, সময়সূচি এবং ভোট প্রদানের নিয়মাবলী সহজভাবে তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠানেও গণভোট বিষয়ে সচেতনতামূলক বার্তা গুরুত্বের সাথে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জোর দিয়ে বলা হয়, শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ক সঠিক তথ্য তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসাথে সংশ্লিষ্ট মাদ্রাসার ফেসবুক পেজ অথবা নোটিশ বোর্ডে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক তথ্য ও বার্তা নিয়মিত প্রচারের জন্যও আহ্বান জানানো হয়েছে। এমতাবস্থায়, সংযুক্ত দুটি লিফলেট জেলা প্রশাসকের কার্যালয় অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতার উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে তা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬



