ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে – DesheBideshe

ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে – DesheBideshe

ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে – DesheBideshe

তেহরান, ২৪ জানুয়ারি – এবার থেকে যে কোনো ধরনের হামলাকে নিজেদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীসহ ভারী নৌযান ও যুদ্ধজাহাজ আসার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি যেন বাস্তব যুদ্ধের জন্য না হয়— এমনটাই তারা আশা করছেন। তবে তিনি জানান, ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সে কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, এবার ছোট বা বড় যেকোনো হামলার ক্ষেত্রেই ইরান আর সংযম দেখাবে না। বরং যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে সবচেয়ে কঠোর পাল্টা আঘাত হানবে।

তিনি আরও বলেন, সীমিত, অসীমিত, সার্জিক্যাল কিংবা আকাশ হামলা— যেভাবেই একে ব্যাখ্যা করা হোক না কেন, ইরান সব ধরনের হামলাকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখবে এবং তার প্রতিক্রিয়াও হবে সর্বোচ্চ কঠোর।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহম্মদ পাকপৌর। তিনি বলেন, ট্রাম্প যদি সংলাপের আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালীন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে হবে।

ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহম্মদ পাকপৌর বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে বলেন, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত থাকা উচিত। তিনি গত বছরের জুনে চাপিয়ে দেওয়া ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা স্মরণ করার কথাও বলেন। সেই অভিজ্ঞতা ভুলে গেলে তাদের জন্য পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।

বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে, আইআরজিসি ও ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙুল এখন বন্দুকের ট্রিগারে। অতীতের যেকোনো সময়ের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত এবং দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রধান সেনাপতির নির্দেশ বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬



Explore More Districts