বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর – DesheBideshe

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর – DesheBideshe

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর – DesheBideshe

ঢাকা, ১৯ জানুয়ারি – বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ে ২৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান এখন ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। সোমবার বেলা ১১টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, বিশেষ করে পিএম ২.৫-এর উপস্থিতিকে দায়ী করা হচ্ছে।

আজ সকালে ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি ছিল।

আজ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস দেখা গেছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। একিউআই স্কোর ৩০০ ছাড়ালে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়, সেখানে নিকুঞ্জ এলাকায় একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৫৪৯। একই সঙ্গে ধানমন্ডিতে স্কোর ছিল ৩৩৮ এবং দক্ষিণ পল্লবী এলাকায় ৩৩০, যা দুটিই ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে।

এদিন মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা এবং গোরান এলাকায় বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার আশপাশের এলাকাগুলোর মধ্যে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের কাপাসিয়া এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬



Explore More Districts