সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা – DesheBideshe

সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা – DesheBideshe

সিরিয়ার খামার থেকে ২৫০টি ছাগল চুরি করলো দখলদার ইসরায়েলি সেনারা – DesheBideshe

তেল আবিব, ১৬ জানুয়ারি – সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এসব ছাগল চুরি করে তারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন।

ওই সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ দখল করে নেয় ইসরায়েলি সেনারা।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান। এগুলো সিরিয়ার খামারিদের মালিকানাধীন ছিল। এরপর তারা ছাগলগুলো ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে আসে।

সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত ছিল। পরে ওই ট্রাকে ছাগলগুলো তুলে পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চুরির ঘটনাটি পরদিন সকালে প্রকাশ্যে আসে। ওই সময় সিরিয়ার কৃষকরা রাস্তার পাশে কিছু ছাগল ঘুরে বেড়াতে দেখে বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে জানান।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলগুলোর এখনো খোঁজ চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



Explore More Districts