
ঢাকা, ১৬ জানুয়ারি – শহীদ ওসমান হাদির বড় ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ওমর বিন হাদিকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
শরিফ ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬




