
ঢাকা, ১৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি কোনো নিষিদ্ধ সংগঠন যাতে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং কোনো ঘটনা রাজনৈতিকভাবে অপব্যবহার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ কারণে নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিট ও থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬



