ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানালেন নোবেলজয়ী মালালা – DesheBideshe

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানালেন নোবেলজয়ী মালালা – DesheBideshe

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানালেন নোবেলজয়ী মালালা – DesheBideshe

ইসলামাবাদ, ১৪ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই প্রতিবাদ কেবল রাজনৈতিক নয়—এটি নারী ও কিশোরীদের দীর্ঘদিনের অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের অংশ।

মালালা লেখেন, ইরানে চলমান আন্দোলনকে মেয়েদের ও নারীদের ওপর রাষ্ট্রীয়ভাবে আরোপিত বিধিনিষেধ থেকে আলাদা করে দেখা যায় না। শিক্ষা ও জনজীবনের সব ক্ষেত্রে নারীদের স্বাধীনতার ওপর যে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, তার বিরুদ্ধেই এই বিক্ষোভ। তিনি বলেন, ইরানি কিশোরীরাও বিশ্বের অন্যান্য মেয়ের মতোই মর্যাদাপূর্ণ ও স্বাধীন জীবন পাওয়ার অধিকার রাখে।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত সেখানকার জনগণের হাতেই, যেখানে নারী ও কিশোরীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত থাকবে। কোনো বাইরের শক্তি বা দমনমূলক শাসনের মাধ্যমে সেই ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দেশের অর্থনৈতিক সংকট নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকারের আপত্তি নেই। তবে সহিংস আন্দোলন বরদাশত করা হবে না। তাদের অভিযোগ, চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানি রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে আন্দোলনের জন্য ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। এরপর থেকে বিশ্বজুড়ে নারীশিক্ষা ও মানবাধিকার প্রশ্নে তিনি একজন প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬



Explore More Districts