
ঢাকা, ১৪ জানুয়ারি – সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো সংকটময় সময়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং–২০২৫/২৬’-এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিএনসিসি কর্মকর্তা ও ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সেনাপ্রধান বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সামাজিক ও জাতীয় পর্যায়ে তাদের ভূমিকার প্রশংসা করে তিনি এই সংগঠনের সব সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬



