
ঢাকা, ১৪ জানুয়ারি – এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। তিনি বলেন, “সব জায়গায় এক ধরনের জটিলতা কাজ করছে। এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটা দীর্ঘদিনের একটি সমস্যা। যে সংস্কারের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই আলোচনা ও উদ্যোগ অব্যাহত রাখা খুবই জরুরি।”
তিনি আরও বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতায় থাকা ব্যক্তিদের কার্যকর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।
জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তাসনিম জারা বলেন, “মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে প্রস্তুত নয়। জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই গুরুত্ব দিয়ে আমি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাসনিম জারার। তবে পরে তিনি জানান, এনসিপির প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬




