হাটহাজারীতে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মাহবুল আলম (৩৫) নামের এক মাইক্রোবাস চালকে হত্যার ঘটনায় জড়িত মো.সোহেল প্রকাশ শাহজাহান (২৮), আব্দুল মান্নান (৪২), মো.সোহেল (২৮), মো.নাছির উদ্দিন প্রকাশ মিন্টু (৩৬), মো.জাহেদ (২৮) নামের ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এ প্রতিবেদককে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার ৩নং ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ীর মৃত আবদুল নবীর পুত্র ভিকটিম মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখাশুনার কাজেও নিয়োজিত ছিলেন। ঘটনারদিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে ভিকটিম মাহবুব আলমের সাথে বাকবিতন্ডায় জড়ায়, এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো.রহিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬। ঘটনার পর পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পৌরসভা ১ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর মুন্সী ফকির বাড়ির জাফর উল্লাহের পুত্র মো.সোহেল প্রকাশ শাহজাহান, ২নং ওয়ার্ডের ভোলা গাজীর বাড়ির সিরাজুল হকের পুত্র আব্দুল মান্নান, একই ওয়ার্ডের আজিম উদ্দিনের পুত্র মো.সোহেল, ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর তজু মিয়া ড্রাইভারের বাড়ির মৃত এজাহার মিয়ার পুত্র মো.নাছির উদ্দিন প্রকাশ মিন্টু, একই ওয়ার্ডের কবির আহাম্মদের পুত্র মো.জাহেদকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোবারক হোসেন সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ প্রতিবেদককে জানান, জুয়া খেলাল কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় আর কে কে জড়িত তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। আটককৃতদের সোমবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।



