
ঢাকা, ১২ জানুয়ারি – গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে গণভোট সংক্রান্ত বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করতে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচির আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে ইসলামিক ফাউন্ডেশন।
সূচি অনুযায়ী, আজ ১২ জানুয়ারি রাজশাহী বিভাগে, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬




