
ঢাকা, ০৮ জানুয়ারি – দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। রাতেই কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উপ-হাইকমিশনে কনস্যুলার সেবার পাশাপাশি পর্যটকসহ অন্যান্য ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। কেবল ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে।
কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬



