
ঢাকা, ০৬ জানুয়ারি – ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত এক মাস পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিমান সূত্র জানায়, আগে ১ ফেব্রুয়ারি থেকেই ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যেসব যাত্রী আগেই টিকিট কেটেছেন, তাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানের পরিচালনা পর্ষদ ওই সিদ্ধান্ত এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
ফ্লাইট স্থগিত হওয়ায় যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ভ্রমণের সুযোগ, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুবিধা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে বিমানের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি ঢাকা/সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা সময়মতো জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


