বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা – DesheBideshe

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা – DesheBideshe

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা – DesheBideshe

ঢাকা, ০৬ জানুয়ারি – আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেই বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, যত দিন বাংলাদেশের টেলিভিশন ভারতে প্রচার করতে পারবে না, তত দিন ভারতের টেলিভিশনও বাংলাদেশে পুরোপুরি বন্ধ রাখা উচিত।

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রসঙ্গত, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হয়েছে—এমন দাবি তুলে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও দল পরিচালনাকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়।

‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর প্রতিক্রিয়া জানায়। একই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

এদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে টেলিভিশন চ্যানেলসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়।

সব মিলিয়ে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই ইস্যু এখন ক্রীড়াঙ্গনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



Explore More Districts