| ৬ January ২০২৬ Tuesday ১০:১৭:২৫ AM | |
বরগুনা প্রতিনিধি:

দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে।
বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল ফরাজী বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন ৩০ ডিসেম্বর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
১ জানুয়ারি প্রার্থীকে শোকজ করা হয়েছে। শোকজে বলা হয়, বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ম ভেঙে প্রজুর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে সেখানে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। সেখানে উচ্ছৃঙ্খল আচরণ ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অকথ্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ ও হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
এ ধরনের ঘটনা ‘নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৯ নম্বর বিধির (ঘ) নম্বর উপবিধি এবং ১৫ নম্বর বিধির (ক) নম্বর উপবিধির স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়।
বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী সোহেল ফরাজী বলেন, নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি ৭ জানুয়ারি সকাল ১০টায় বিএনপি প্রার্থীকে অভিযোগের বিষয় বক্তব্য/ব্যাখা দিতে সশরীরে বরগুনা জেলা জজ আদালত ভবনে অবস্থিত বিচারিক হাকিমের দ্বিতীয় আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে।
এ ব্যাপারে অভিযোগকারী জামায়াতে ইসলামীর নেতা শামীম আহসান বলেন, “৩ জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে আমাকে জানানো হয়েছে।”
বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, “শোকজের বিষয়টি আমি এখনও অবগত নই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আমি এখনও চিঠি বা লিখিত কোনো কাগজ পাইনি।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

