নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, গত কয়েক দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী আবুল হোসেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মির্জাপুর শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার পোস্টকামুরী খলাপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে পোস্টকামুরী এলাকা থেকে গ্রেপ্তার হন উপজেলা যুবলীগের সদস্য রিপন মিয়া। এছাড়া ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান, ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, আজগানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান এমারত এবং আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগ নেতা শরিফুল ইসলাম রুদ্রসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

