বাংলাদেশিদের আটক করতে উত্তর প্রদেশ পুলিশ কি তবে যন্ত্রের সাহায্য নিচ্ছে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি উত্তর প্রদেশের গাজিয়াবাদে, যা রাজধানী দিল্লির লাগোয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজিয়াবাদ থানার একদল পুলিশ কৌসাম্বি এলাকায় এক বস্তিতে গিয়ে বাসিন্দাদের ডেকে ডেকে পরিচয় জানতে চাইছেন। এক পুলিশ কর্মকর্তার হাতে মুঠোফোনের মতো দেখতে একটা যন্ত্র, সেটা বাসিন্দাদের পিঠে ঠেকানো হচ্ছে। তারপর তা দেখে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি বাংলাদেশি কি না।
বস্তিবাসীদের ডেকে পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘খবরদার মিথ্যা বলবেন না। আমাদের কাছে এমন এক যন্ত্র রয়েছে, যাতে মিথ্যা ধরা পড়ে যায়। এরপরেই দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্তা একজনের পিঠে ওই যন্ত্র ঠেকালেন। তারপর বললেন, যন্ত্র জানাচ্ছে আপনি বাংলাদেশি। কিন্তু পুলিশের সামনে দাঁড়ানো নারী প্রতিবাদ জানিয়ে হিন্দিতে বলেন, তাঁরা বাংলাদেশি নন, বিহারের আরারিয়ার বাসিন্দা। পুলিশ তা শুনে বলে, যন্ত্র কিন্তু তা বলছে না। বলছে আপনারা বাংলাদেশি।’

