| ২৯ December ২০২৫ Monday ৯:১৫:১৮ PM | |
নগর প্রতিনিধি:

ঘন কুয়াশার দাপটে টানা দুই দিন ধরে বরিশালে সূর্যের দেখা মেলেনি। সূর্যের তাপ না থাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য প্রায় নেই বললেই চলে। ফলে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন বরিশালের মানুষ।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, হিমালয় ও ভারতের উত্তরাঞ্চল থেকে আসা হিমেল হাওয়া বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ থাকায় দ্বিতীয় দিনের মতো বরিশালে সূর্যের দেখা পাওয়া যায়নি। দিনের তাপমাত্রা না বাড়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।
তিনি আরও বলেন, এই অবস্থা আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এতে দৃষ্টিসীমা নেমে আসতে পারে ১০০ মিটারের নিচে। তাই সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় নগরজীবনে বিঘ্ন ঘটছে। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

