মৌলভীবাজার-১ আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মৌলভীবাজার-১ আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মৌলভীবাজার-১ আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারী। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের ৭ জন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মারুফ দস্তেগীরের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ি উপজেলা বিএনপি সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপি সাবেক আহবায়ক জয়নাল আবেদীন, আহবায়ক কমিটির সদস্য আলাল আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ লালন, বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।

এদিকে সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীকে নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা নায়াবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সাবেক আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ফয়সাল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, নমিনির বড় ভাই আতিকুর রহমান।

খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মৌলভী লোকমান আহমদ আনুষ্ঠানিকভাবে বড়লেখা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) প্রতীকে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আব্দুর নুর তালুকদার (ট্রাক) প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা করেন। মোঃ বেলাল আহমদ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া গণফ্রন্ট এর মনোনীত প্রার্থী মোঃ শরিফুল ইসলাম সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

তাছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ইয়াহইয়া (রিক্সা) প্রতীক ও এসিপির মনোনীত প্রার্থী তামিম আহমদ (শাপলা কলি) প্রতীক নিয়ে মনোনয়ন পত্র উত্তোলন করলেও জমা দেননি।
এসময় সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সাথে উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সকল প্রার্থী মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

এবিষয়ে সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী সন্ধ্যায় জানান, এ পর্যন্ত বড়লেখায় ৬ জন ও জুড়ী উপজেলায় ১ জন প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Explore More Districts