| ২৯ December ২০২৫ Monday ৮:৪৯:২৮ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টার আগেই পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। তিনি নির্বাচন আচরণবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের হাতে তার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে সংসদীয় আসন-১২৭ পিরোজপুর-১ আসনে ২ জন, সংসদীয় আসন-১২৮ পিরোজপুর-২ আসনে ৭ জন এবং সংসদীয় আসন-১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংসদীয় আসন-১২৭, পিরোজপুর-১ (২ জন) ১। অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২। মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় আসন-১২৮, পিরোজপুর-২ (৭ জন) ১। শামীম সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২। আহমেদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি, ৩। মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র, ৪। ফয়সাল খান, এবিপি, ৫। আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬। মাহমুদ হোসেন, স্বতন্ত্র, ৭। মহিবুল হাসান, জাতীয় পার্টি (জেপি)। সংসদীয় আসন-১২৯, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) (৭ জন) ৭। রুস্তম আলী ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২। রুহুল আমিন দুলাল, বিএনপ, ৩। মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টি, ৪। আব্দুল জলিল শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫। করিম শিকদার, জাসদ, ৬। তৌহিদুর ইসলাম, স্বতন্ত্র, ৭। শামীম হামিদি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনা চলছিল। গত ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে এই আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি নিজ দলের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করে। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের প্রার্থী চূড়ান্ত হলেও পিরোজপুর-১ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রথম দফায় কাউকে মনোনয়ন না দিয়ে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সর্বশেষ অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিলকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


