রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলাই এর প্রমাণ: জেলেনস্কি

রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলাই এর প্রমাণ: জেলেনস্কি

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর জোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত দুজন। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেন, ‘রাশিয়া শান্তি চায় না। কিয়েভে হামলার ঘটনা এটাই প্রমাণ করে।’ যুক্তরাষ্ট্র–ইউক্রেন নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির আগে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে এ কথা লেখেন জেলেনস্কি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার (আজ) বৈঠক করার কথা তাঁর। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকেরা ট্রাম্পের নতুন ২০ দফা শান্তি পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন। সেটি নিয়েই বিশদ আলোচনা করবেন দুই নেতা।

ট্রাম্প–জেলেনস্কির বৈঠকের আগে কিয়েভে প্রায় ১০ ঘণ্টা ধরে একের পর এক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মস্কোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন।

Explore More Districts