‘ট্রেন ড্রিমস’ কেবল সিনেমা নয়, ক্রমাগত বাণিজ্যিক সিনেমা আর অ্যালগরিদমময় ওটিটি দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা দর্শকের জন্য যেন এক ভিজ্যুয়াল উপহার। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটি আপনাকে মুগ্ধ করে রাখবে, প্রকৃতি আর মানুষের আশ্চর্য মেলবন্ধন ছুঁয়ে যাবে বারবার।
লো অ্যাঙ্গেলের ক্যামেরা, সূর্যাস্তের আলোয় ভেজা দৃশ্য, ভয়েসওভার আর প্রাকৃতিক দৃশ্যের হঠাৎ উদ্ভাসিত সৌন্দর্য চমকে দেবে। চিত্রগ্রাহক আদলফো ভেলোসো ও সুরকার ব্রাইস ডেসনারের সঙ্গে কাজ করে বেন্টলি ছবিটিকে স্মৃতি ও স্বপ্নের আবহ দিয়েছেন। তবে এই ছবি এত শক্তিশালী হয়েছে, কারণ এটি নির্মম বাস্তবতা আর কবিতার সৌন্দর্যের মাঝখানে ভারসাম্য রক্ষা করতে পেরেছে। আদলফো জানিয়েছেন, সিনেমাটির ৯৮ শতাংশই প্রাকৃতিক আলোয় শুট করেছেন তাঁরা।

