ব্যালন ডি’অরের পর এবার ফিফা ‘দ্য বেস্ট’ এর লড়াইয়েও মুখোমুখি উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ফিফা গতকাল রাতে ‘বেস্ট’ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পরই তৈরি হয়েছে দুজনের লড়াইয়ের মঞ্চ। এর আগে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার জেতেন দেম্বেলে।
ফিফার এবারের বর্ষসেরার পুরস্কার জয়ের দৌড়েও দেম্বেলের পাল্লাই ভারি। গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ ‘ট্রেবল’ জেতা দেম্বেলে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ১৬টি গোল করিয়েছেন। বার্সেলোনার হয়ে ঘরোয়া ‘ট্রেবল’ জেতা ইয়ামাল ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি গোল করিয়েছেন।


