| ১১ October ২০২৫ Saturday ১:৪৭:৪২ AM | |
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুপারি গাছে উঠতে গিয়ে বায়জিদ (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ ওই গ্রামের মো. শফিকুর রহমানের একমাত্র ছেলে এবং ২২ নম্বর মধ্য গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলি আউলিয়াপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামীমের স্ত্রী সুপারি পাড়ার জন্য বায়জিদকে ডাকেন। বায়জিদ কয়েকটি গাছে উঠে সুপারি পাড়ার পর আরেকটি গাছে উঠলে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জসিম জানান, “আমার ভাতিজাকে বিকেলে শামীম মিয়ার স্ত্রী সুপারি পারার জন্য ডাকে। পরে আরেকটি গাছে উঠতে গিয়ে পড়ে যায়। হাসপাতালে এসে জানতে পারি, সে মারা গেছে।”
ঘটনার পর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “মরদেহ থানায় এনে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে, মো. শামীমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
