সড়কে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করার পর সোমবার দিনভর সিলেট নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে ৮৭টি যানবাহন আটক করা হয় এবং মামলা হয়েছে ১৭টি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি শুরু করেন। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযানে যানবাহন আটক করা হয় ৮৭টি। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৬৫টি, সিএনজিচালিত অটোরিকশা ৫টি , লেগুনা ১টি, মোটরসাইকেল ১৪টি, ট্রাক ১টি ও পিকআপ ১টি। এই অভিযানে মামলা হয়েছে ১৭টি। এর মধ্যে ২টি সিএনজিচালিত অটোরিকশা, ১১টি মোটরসাইকেল, ২টি কার , ১টি পিকআপ ও ১টি ট্রাক।
এই অভিযানের আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর)সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। ৮ দফা নির্দেশনায় বলা হয়, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারিচালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অনুমোদনবিহীন ও অননুমোদিত স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না। মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান করতে হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ ছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সঠিকভাবে সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মাঝে গাড়ি পার্কিং করা যাবে না।
এসএমপি কমিশনারের স্বাক্ষরিত এ নির্দেশনায় আরও জানানো হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এই অভিযানের আগে ৮ দফা নির্দেশনা দিয়েছি। এসব নির্দেশনা মাইকিং করে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মিডিয়া এই নির্দেশনার বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা আগেই বলেছি সোমবার থেকে এই নির্দেশনা না মানলে বিশেষ অভিযান পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী আজ অভিযানে ৮৭টি যানবাহন আটক করা হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকাসহ জারি করা নির্দেশনা না মানায় ১৭টি মামলা করা হয়েছে। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’


