প্রযুক্তিতে নতুনত্ব
প্রযুক্তির দ্রুত রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে ফ্রিজেও যুক্ত হচ্ছে আধুনিক সব সুবিধা। বাজারে এসেছে এমন কিছু নতুন প্রযুক্তির ফ্রিজ, যা শুধু খাদ্য সংরক্ষণেই নয়, বিদ্যুৎ সাশ্রয়, স্মার্ট নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় ত্রুটি শনাক্তকরণব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে।
মনে করুন, আপনি ঈদের ছুটিতে কয়েক দিনের জন্য বাইরে গেছেন। এখন মোবাইল অ্যাপস ব্যবহার করেই ফ্রিজের তাপমাত্রা কমাতে-বাড়াতে পারবেন। কিংবা ভাবলেন, গান শুনতে শুনতে রান্না করবেন। স্মার্ট ফ্রিজে সেই ব্যবস্থাও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ফ্রিজ এখন ক্রেতাদের প্রথম পছন্দ। ইনভার্টার প্রযুক্তি ব্যবহারের ফলে এসব ফ্রিজ কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি ব্যাকআপের সুবিধা রয়েছে। ইন্টারনেট অব থিংস প্রযুক্তির মাধ্যমে ফ্রিজকে মোবাইল অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। যেমন তাপমাত্রা বাড়ানো বা কমানো যায় আবার দরজা খোলা থাকলে মোবাইলে নোটিফিকেশন আসে। স্মার্ট কনভার্টেবল প্রযুক্তি ব্যবহারকারীকে প্রয়োজন অনুযায়ী ফ্রিজের ফ্রিজার অংশকেও রেফ্রিজারেটর বানিয়ে ব্যবহার করার সুযোগ দেয়। এটি উৎসবে বা খাবার বেশি রাখার সময় খুব কার্যকর। কিছু ফ্রিজে যুক্ত হয়েছে ‘ফ্রেশ জোন’ ও ‘ডিওডোরাইজার’ প্রযুক্তি, যা খাবারকে দীর্ঘক্ষণ টাটকা ও দুর্গন্ধমুক্ত রাখে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, কোম্পানিগুলো গ্রাহকের রুচি ও পছন্দ অনুসারে ফ্রিজে নিত্যনতুন প্রযুক্তি যুক্ত করে যাচ্ছে। বিশেষ করে আমাদের ভিশন ফ্রিজে পরিবেশবান্ধব ও বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়।


